ফরিদপুরের সদরপুরে মাঠে আলো জ্বালাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা
ফরিদপুরের সদরপুরে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সদরপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইম শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাইম শেখ স্থানীয় উজ্জ্বল শেখের ছেলে এবং চর চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে জানা যায়, বাড়ির পাশের একটি মাঠে ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। খেলা চালিয়ে নেওয়ার জন্য আলো জ্বালাতে সাইম নিজেই বিদ্যুৎ লাইনে সংযোগ দেওয়ার চেষ্টা করে।
এই সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য জিয়া খোরশেদ খান জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, খেলার সময় নিরাপত্তা বিষয়ে আরও সচেতনতা প্রয়োজন ছিল।
এদিকে ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির সদরপুর সাব-জোনাল অফিসের এজিএম মো. শহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। তবে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ জানান, এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
















