নৌ-শক্তি আধুনিকায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সামরিক বিশেষজ্ঞ বিনিময়ে নতুন অগ্রযাত্রা
ঢাকায় স্বাক্ষরিত এই চুক্তি দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করবে বলে আইএসপিআর জানিয়েছে
ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডসের মধ্যে নৌ-প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চুক্তিটি সই হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বাংলাদেশের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। নেদারল্যান্ডসের পক্ষে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জরিস ভান বোমেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাচে ক্যাপ্টেন জি ক্লেইন, নেদারল্যান্ডস দূতাবাসের অর্থ–বাণিজ্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ শাখার মহাপরিচালক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নৌ-উপদেষ্টা।
আইএসপিআর জানায়, এই MoU নৌ-প্রতিরক্ষা সামগ্রী বিষয়ে সহযোগিতার কাঠামো তৈরি করেছে। এর আওতায় দুই দেশের মধ্যে প্রযুক্তি ও তথ্য বিনিময়, শিক্ষা ও যৌথ প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্প সুরক্ষা সংক্রান্ত তথ্য বিনিময় এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
এতে সামরিক বিশেষজ্ঞ বিনিময় জোরদার হবে বলে আশা করা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়ন ও নৌ-ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইএসপিআর আরও জানায়, চুক্তিটি বাংলাদেশের নৌ-প্রতিরক্ষা আধুনিকায়ন এবং নেদারল্যান্ডসের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বকে আরও দৃঢ় করবে।
















