‘কেউ আটকালে অস্বাভাবিক’—লন্ডনে তার স্ট্যাটাস নিয়েও অনিশ্চয়তা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস দেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। লন্ডনে তার স্ট্যাটাস অজানা উল্লেখ করে তিনি বলেন, ফিরতে গেলে অন্য দেশ বাধা দিলে সেটি হবে ‘অস্বাভাবিক’।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার মাত্র একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক সেশনে তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, লন্ডনে তারেক রহমান বর্তমানে কোন আইনি বা অভিবাসন স্ট্যাটাসে আছেন—সরকার তা নিশ্চিত নয়। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে বাধা দেবে—এটা ‘অস্বাভাবিক’ বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “যদি কেউ দেশে ফিরতে চান এবং তাঁর পাসপোর্ট না থাকে, তাহলে একবারের জন্য ট্রাভেল পাস দেওয়া হয়। এটি ইস্যু করতে একদিনের বেশি সময় লাগে না। সরকারের পক্ষ থেকে কোনো বিলম্ব হবে না।”
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মানিয়ে নিতে দিল্লির কিছুটা সময় লাগছে। তবে দুই দেশের ওয়ার্কিং রিলেশন খুব দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, দিল্লির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা আলোচনার উদ্যোগ এখনো হয়নি।
অন্তর্বর্তী সরকারের দৃষ্টিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রত্যাশার কথাও উল্লেখ করেন তিনি। তবে সেজন্য বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকবে না বলে তার মন্তব্য।
















