ঠিকানা বদলসহ সব ধরনের তথ্য আপডেট স্থগিত করলো নির্বাচন কমিশন
জাতীয় নির্বাচনের আগে এনআইডির ঠিকানা পরিবর্তন ও তথ্য সংশোধন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সুরক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঠেকাতে এই পদক্ষেপ।
ঢাকা,২৫ নভেম্বর ২০২৫:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র—এনআইডির ঠিকানা পরিবর্তনসহ সব ধরনের তথ্য সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেল ৪টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং এটি চলবে নির্বাচনের দিন পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
ইসি কর্মকর্তারা জানান—ভোটার তালিকায় ভুল তথ্য যোগ করা বা ঠিকানা বদলের নামে অনিয়ম ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের পরিবর্তন ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছে কমিশন। এজন্যই তারা এনআইডি সংশোধন পুরোপুরি স্থগিত রেখেছে।
সূত্র বলছে, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত রাখতে ভোটার তথ্য সুরক্ষা এখন ইসির অগ্রাধিকার। তাই নতুন এনআইডি সংশোধন বন্ধ থাকলেও স্বাভাবিক যাচাই বা প্রিন্ট সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চলবে।
কমিশনের সিদ্ধান্তে ইতোমধ্যেই অনলাইন ও সরাসরি উভয় পদ্ধতির সংশোধন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নাগরিকদের অনুরোধ—নির্বাচনের পর পুনরায় কার্যক্রম শুরু হলে সংশোধনের আবেদন করতে।
















