ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি হঠাৎ সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। নির্বাচনে পরাজয়ের পর তার আবার পর্দায় ফেরার প্রত্যাশা থাকলেও নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছিল না তাকে। এর মধ্যেই চলতি বছরের জুনে চুপিসারে যুক্তরাষ্ট্রে উড়াল দেন তিনি। নিউইয়র্কে কাটিয়ে ফেলেছেন ছয় মাসেরও বেশি সময়। মাঝেমধ্যেই ফেসবুকে পোস্ট করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এই তারকা।
তবে শনিবার (২৩ নভেম্বর) মাহির ফেসবুকে দেওয়া নতুন এক স্ট্যাটাস ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। কান্নার ইমোজি দিয়ে তিনি লিখেছেন—
“আমার রুহটা ইন্ডিয়ায়, আর আমি আমেরিকায়।”
জানা গেছে, মাহির একমাত্র ছেলে ফারিশ বর্তমানে তার বাবার কাছে ভারতে আছে। দীর্ঘ ছয় মাস ধরে ছেলের কাছ থেকে দূরে আছেন মাহি। মা–ছেলের যোগাযোগের একমাত্র উপায় মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের ভিডিও কল। পর্দায় ছেলের হাসি দেখলেই নাকি মাহির চোখ ভিজে ওঠে। কখনো কথা বলতে গিয়েও থমকে যান তিনি।
নিউইয়র্কের আলো ঝলমলে শহরে থেকেও মাহির মনে হয়, চারপাশ ফাঁকা—কারণ তার “রুহ” আছে ভারতে। ছেলেকে রুহ বলেই সম্বোধন করেছেন তিনি।
মাহি বলেন, “ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়। জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করে। কিন্তু ভিডিও কলে কি আর তা সম্ভব! দৌড়ে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরতে মন চায়।”
এর মধ্যেই নতুন খবর-ফের পর্দায় ফিরছেন মাহিয়া মাহি। তিনি কাজ করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘অন্তর্যামী’–তে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির।
















