বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে সেনাবাহিনী। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি মুক্তিযোদ্ধাদের আদর্শে দেশের স্বার্থে কাজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
নির্বাচন নিরাপদ ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী—এমন ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে সেনাবাহিনী পদক পেয়েছেন ৯ জন, অসামান্য সেবা পদক ১৭ জন এবং বিশিষ্ট সেবা পদক পেয়েছেন ৩৮ সেনা সদস্য।
সেনাপ্রধান বলেন—জাতীয় দায়িত্ব পালন এবং আগামি নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাবে।
















