ওমানের দক্ষিণ উপকূলে এক মাসের বেশি সময় ধরে আটকে থাকা তেলবাহী জাহাজ থেকে প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনাকবলিত জাহাজটি হালানিয়াত দ্বীপপুঞ্জের কাছে একটি সংরক্ষিত সামুদ্রিক অঞ্চলে অবস্থান করায় সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ওমানের পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, তেলের স্তর উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটারের মধ্যে ছড়িয়ে রয়েছে। তবে গ্রিনপিস স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তেল ছড়িয়ে পড়ার পরিমাণ প্রায় ৬০০ বর্গকিলোমিটার বলে ধারণা করেছে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে প্রবালপ্রাচীর, সামুদ্রিক আবাসস্থল, কচ্ছপের প্রজননক্ষেত্র ও গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল রক্ষার চেষ্টা করছে।
‘ক্যারোলিন বেজেঙ্গি’ নামের জাহাজটি এপ্রিল মাসে রাশিয়ার নোভোরোসিস্ক বন্দর থেকে তেল নিয়ে যাত্রা করে এবং মে মাসের শেষ দিকে সুয়েজ খাল অতিক্রম করে। জুনের শুরুতে ওমানের আল-কিবলিয়াহ দ্বীপের কাছে জাহাজটিতে বিস্ফোরণের পর সেটির বিভিন্ন অংশে পানি ঢুকে পড়ে এবং জাহাজটি সেখানেই আটকে যায়।
গ্রিনপিস ও ডাচ শান্তি সংগঠন প্যাক্সের তথ্য অনুযায়ী, জাহাজটিতে প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল, যা এশিয়ায় নেওয়া হচ্ছিল। তেল ছড়িয়ে পড়া আরও বাড়লে এটিকে বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
ওমানের কর্তৃপক্ষ আকাশপথে নজরদারি চালানোর পাশাপাশি ডুবুরি মোতায়েন করেছে। জাহাজের ভেতরের তেল অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনাও প্রাথমিকভাবে তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো, নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক পরিবেশ রক্ষার চেষ্টা করা হবে। তবে তেল ছড়িয়ে পড়ার মূল কারণ এখনো নিশ্চিত করা হয়নি।
জাহাজটি রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল রপ্তানিতে ব্যবহৃত এসব জাহাজের অনেকগুলোই পুরোনো এবং এগুলোর রক্ষণাবেক্ষণ, বীমা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। ‘ক্যারোলিন বেজেঙ্গি’ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, ইউক্রেন ও সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
হালানিয়াত দ্বীপপুঞ্জের সামুদ্রিক অঞ্চলটি বিরল সামুদ্রিক প্রাণী ও কচ্ছপের আবাসস্থল হওয়ায় তেল দূষণের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর উপসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজের ওপর বাড়তি ঝুঁকির বিষয়টিও নতুন করে সামনে এসেছে।
















