ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ কংগ্রেসম্যান আলফ্রেদো গাসপারকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন লিবারেল পার্টির (পিএল) প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। বুধবার ব্রাসিলিয়ায় এ ঘোষণা দেওয়া হয়।
৫৫ বছর বয়সী গাসপার উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে ২০২৩ সাল থেকে কংগ্রেসের নিম্নকক্ষে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ওই রাজ্যের জননিরাপত্তা সচিব ছিলেন। মনোনয়ন গ্রহণ করে তিনি বলেন, কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি ফ্লাভিও বলসোনারোর সঙ্গে মিলে ব্রাজিলকে আরও ন্যায্য ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করবেন।
গাসপার জাতীয় সামাজিক নিরাপত্তা সংস্থা (আইএনএসএস) সংক্রান্ত তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন। এই সংস্থাকে ঘিরে দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার ছেলে ফাবিও লুইজ লুলা দা সিলভার বিরুদ্ধে তদন্ত চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যু নির্বাচনী প্রচারণায় লুলার বিরুদ্ধে বলসোনারো শিবিরের অন্যতম প্রধান অস্ত্র হতে পারে।
ফ্লাভিও বলসোনারো নিজের দলের বাইরে জোট সম্প্রসারণে তেমন সফল হননি। সম্ভাব্য কয়েকজন প্রভাবশালী নারী নেত্রীকে দলে টানার চেষ্টা ব্যর্থ হওয়ার পর গাসপারকে সঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়।
বুধবার প্রকাশিত কোয়ায়েস্ট জরিপে দেখা গেছে, সম্ভাব্য দ্বিতীয় দফার ভোটে লুলা ৪৪ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে থাকলেও ফ্লাভিও বলসোনারো ৩৯ শতাংশ নিয়ে ব্যবধান কমিয়ে এনেছেন। প্রথম দফার সম্ভাব্য ভোটে লুলার সমর্থন ৩৯ শতাংশ এবং বলসোনারোর ৩০ শতাংশ।
এদিকে প্রেসিডেন্ট লুলা নির্বাচনী প্রচারণায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে ব্রাজিলের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট থাকা পর্যন্ত বাইরের কোনো দেশকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থনকে তিনি এই প্রসঙ্গে উল্লেখ করেন।
















