কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ।
তিনি বলেন, নিরাপত্তা বাহিনী শপথ অনুষ্ঠানের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো গণতান্ত্রিক এই আয়োজন ব্যাহত করার চেষ্টা করতে পারে।
রাজধানী বোগোটার পরিবর্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কালি শহরে শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন দে লা এসপ্রিয়েলা। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলটি সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণে অস্থিতিশীল হয়ে উঠেছে।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১১ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কালি ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ বিদ্রোহীরা অতীতে ড্রোন ব্যবহার করে বিস্ফোরক হামলা চালিয়েছে।
শপথ অনুষ্ঠানে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও ইকুয়েডরের প্রেসিডেন্ট এবং স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নির্বাচনের ফল নিয়ে আপত্তি জানিয়ে শুক্রবারের অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
















