দক্ষিণ লেবাননে নতুন করে সহিংসতায় অন্তত এক লেবানিজ নিহত এবং একটি বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যুদ্ধবিরতি বাস্তবায়ন ও দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চলার মধ্যেই এ ঘটনা ঘটে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার তিবনিন শহরে একটি কবরস্থানের নামাজঘরে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং আরও ১২ জন আহত হন।
অন্যদিকে, দক্ষিণ লেবাননের মাজদাল জুন গ্রামে একটি বুবি-ট্র্যাপ করা ভবনের ভেতরে বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হন। ইসরায়েলি সেনাবাহিনী নিহত দুই সেনার পরিচয় প্রকাশ করেছে।
বিস্ফোরণের পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা শুরু করে। তাদের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই অভিযান চালানো হয়েছে।
ইসরায়েলি বাহিনী আল-মানসুরি এলাকার বাসিন্দাদের উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশও জারি করেছে। তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলটি এখনো ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে হিজবুল্লাহর উপস্থিতির তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইতালির রোমে দ্বিতীয় দিনের মতো লেবানন ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। বৈঠকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে।
জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত সমঝোতা অনুযায়ী, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং দক্ষিণ লেবাননে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে হিজবুল্লাহ সরাসরি ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসা এবং অস্ত্র সমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
















