বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। পরিকল্পনাটি ঘিরে উয়েফাসহ একাধিক মহাদেশীয় ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার মুখে ফিফার নেতৃত্বে বিরল সংকট তৈরি হয়েছিল।
মরক্কোর রাবাতে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর ফিফা এক বিবৃতিতে জানায়, মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম ও ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা ২১১টি সদস্য দেশের নির্বাচিত একমাত্র কর্মকর্তা হিসেবে ইনফান্তিনোর প্রতি আস্থা প্রকাশ করেছেন। ইনফান্তিনোও ফিফার প্রশাসনের প্রতি সমর্থন জানিয়েছেন।
ফিফা স্বীকার করেছে যে প্রত্যাহার করা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনায় ভুল ছিল। ওই প্রস্তাব অনুযায়ী নতুন একটি বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা ছিল। এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা নিয়েও বিতর্ক তৈরি হয়।
ফিফা জানিয়েছে, বিষয়টি নিয়ে সদস্য দেশগুলোর কাছে ইতোমধ্যে ক্ষমা চাওয়া হয়েছে এবং পুরো ঘটনার পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ করা হবে। একই সঙ্গে সংস্থাটি তাদের সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে উয়েফা জানিয়েছে, তারা ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছে এবং ফিফাকে ‘ডকুমেন্ট সংরক্ষণ’ নোটিশ দিয়েছে। ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেছেন এবং সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও এ পরিকল্পনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন প্রয়োজনে ফিফার কার্যক্রম অচল করে দেওয়া বা বিকল্প প্রতিযোগিতা আয়োজনের কথাও বিবেচনা করছিল। তবে কাতারসহ কয়েকটি আফ্রিকান ফুটবল সংস্থা প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে।
















