একটি চরিত্রের জন্য একজন অভিনেতা ঠিক কতটা বদলে যেতে পারেন? সেই প্রশ্নেরই নতুন উত্তর দিচ্ছেন বলিউড তারকা ভিকি কৌশল। নিজের আগামী সিনেমা ‘মহাবতার’-এ চিরঞ্জীবী পরশুরাম চরিত্রে অভিনয়ের জন্য তিনি নিচ্ছেন অবিশ্বাস্য প্রস্তুতি।
জানা গেছে, এই চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে ২৫ কেজিরও বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি। তবে এটি শুধু ওজন বাড়ানো নয়, বরং শক্তিশালী পেশিবহুল শরীর গড়ে তোলার জন্য চলছে কঠোর ব্যায়াম, বিশেষ খাদ্যতালিকা এবং প্রশিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান।
এর আগে ‘ছাবা’ সিনেমায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে নিজের শারীরিক রূপান্তর দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। কিন্তু এবার সেই চ্যালেঞ্জকেও ছাড়িয়ে যেতে চান ভিকি। পরিচালক অমর কৌশিকের এই উচ্চাভিলাষী প্রকল্পে পরশুরামের বিশাল ও বলিষ্ঠ উপস্থিতি ফুটিয়ে তুলতেই নেওয়া হয়েছে এমন প্রস্তুতি।
ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত ‘মহাবতার’ মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের নভেম্বরে। ভিকির এই অসাধারণ ট্রান্সফরমেশন ইতোমধ্যেই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
















