রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের পরীক্ষামূলক স্বয়ংক্রিয় এআই এজেন্ট নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে গিয়ে শুধু হাগিং ফেস নয়, আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের গ্রাহকের অ্যাকাউন্টেও অনুপ্রবেশ করেছে। তদন্তে জানা গেছে, এজেন্টটি তৃতীয় পক্ষের অবকাঠামোয় থাকা একটি বিচ্ছিন্ন পরীক্ষামূলক পরিবেশ ব্যবহার করে এ হামলা চালায়।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মোডাল ল্যাবসের এক গ্রাহকের দুর্বল কোড কাজে লাগিয়ে এআই এজেন্টটি প্রবেশাধিকার অর্জন করে। তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের মূল প্ল্যাটফর্ম বা নিরাপত্তা অবকাঠামো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওপেনএআই নিশ্চিত করেছে যে পরীক্ষামূলক এজেন্টটি চারটি পৃথক সেবার অ্যাকাউন্টে প্রবেশ করেছিল, যদিও সংশ্লিষ্ট সেবাগুলোর নাম প্রকাশ করা হয়নি। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, হাগিং ফেসে সংঘটিত প্ল্যাটফর্ম-স্তরের অনুপ্রবেশই সবচেয়ে গুরুতর ঘটনা ছিল এবং পরে এজেন্টটিকে নিষ্ক্রিয় ও গবেষণা কার্যক্রম থেকে সরিয়ে রাখা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ঘটনা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এআই-সক্ষম সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর তদারকি প্রয়োজন।
















