দক্ষিণ কোরিয়া জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্র সম্প্রতি নতুন কোনো অনুরোধ জানায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় একটি সংবাদমাধ্যমে এ ধরনের অনুরোধের খবর প্রকাশের পর প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি স্পষ্ট করে জানায়, তবে গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টায় ‘বাস্তবসম্মত অবদান’ রাখার অঙ্গীকার বহাল রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সুং-ল্যাক বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা দক্ষিণ কোরিয়ার জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। যদিও যুদ্ধজাহাজ বা নির্দিষ্ট সামরিক সহায়তা চেয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি, তবু সম্ভাব্য অবদানের বিভিন্ন বিকল্প, আইনি প্রক্রিয়া এবং নৌবাহিনীর সক্ষমতা বিবেচনায় রেখে সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর ৮ জুলাই থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির আশপাশে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করেছে। দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন বহুজাতিক নৌ-মিশন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট উদ্যোগে অংশ নিয়েছে, পাশাপাশি হরমুজে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টায় সহযোগিতার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা অব্যাহত রয়েছে এবং এসব কারণে দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ ব্যাহত হওয়ার কোনো লক্ষণ নেই। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক জ্বালানি প্রযুক্তি নিয়ে আলোচনাও চলমান রয়েছে।
















