পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের কাছে দেশের অর্থনীতি শক্তিশালী করতে ১০ বিলিয়ন মার্কিন ডলারের ‘এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট ফ্যাসিলিটি’ চেয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে তিনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং দেশের ঋণমান উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত পাঁচ বছর মেয়াদি এই সহায়তা তহবিলের মাধ্যমে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ জোরদার, ঋণের চাপ কমানো এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্য রয়েছে। যদিও পাকিস্তান দূতাবাস বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে, তবে ১০ বিলিয়ন ডলারের অনুরোধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কূটনৈতিক সূত্রের দাবি, ট্রাম্প প্রশাসন পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পৃক্ততা বজায় রাখতে আগ্রহী এবং দেশটির অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়তার বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। তবে সহায়তার আবেদন অনুমোদনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
















