রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি স্টিল বডির ইঞ্জিনচালিত ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন।
ট্রলারে থাকা ১০ জনের মধ্যে আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামবাজার ঘাটের কাছে, পোস্তগোলা ব্রিজের আগে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৩০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
নৌপুলিশের ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানিয়েছেন, গাজীপুরের কড্ডার বাজার থেকে একটি নতুন স্টিল বডির ইঞ্জিনচালিত নৌকা কিনে ১০ জন যাত্রী কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে রওনা হন। পথে পোস্তগোলা ব্রিজের আগে নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনার পর নৌকায় থাকা ১০ জনের মধ্যে আটজন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। তবে দুইজন পানিতে নিখোঁজ হন। ডুবে যায় নৌকাটিও।
নিখোঁজ দুইজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার বিষয়ে নৌপুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
















