ইরান জানিয়েছে, চলতি মাসে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন। একই সঙ্গে তেহরান ঘোষণা দিয়েছে, ওয়াশিংটনের ধারাবাহিক চুক্তি লঙ্ঘনের কারণে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) কার্যত স্থগিত রয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৬ জুলাই থেকে শুরু হওয়া হামলায় হতাহতের এই সংখ্যা রেকর্ড করা হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালায়। এসব হামলায় একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১০ হাজার মানুষ নিরাপদ পানির সংকটে পড়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই ইরানও চুক্তির আওতায় নিজেদের সব অঙ্গীকার স্থগিত রেখে দেশের প্রতিরক্ষায় মনোযোগ দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়িও যুক্তরাষ্ট্রকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে বলেছেন, ইরান যুদ্ধ চায়নি, বরং নিজেদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের জবাব দিচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ অভিযোগ করেন, সমঝোতা স্মারকের কালি শুকানোর আগেই যুক্তরাষ্ট্র হামলা শুরু করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় জাস্ক এলাকার একটি সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের পাম্পিং স্টেশন ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হওয়ায় অন্তত ২০টি গ্রাম পানিশূন্য হয়ে পড়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। পাল্টা জবাবে ইরান কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন-সমর্থিত সামরিক স্থাপনাগুলোর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কুয়েতে বিদ্যুৎ ও পানি উৎপাদন স্থাপনায় হামলার পাশাপাশি বাহরাইন ও জর্ডানেও বিমান সতর্কতা জারি করা হয়।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিন আগে ঘোষণা দেন, জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক আর কার্যকর নয়। তিনি ইরানি বন্দরে নৌ অবরোধ পুনর্বহাল এবং তেল রপ্তানিতে দেওয়া নিষেধাজ্ঞার ছাড় বাতিল করেন। উভয় পক্ষই এখন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করার চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ একে অপরের বিরুদ্ধে তুলছে।
















