আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনী রাজধানী খার্তুম ও উত্তর করদোফানের অবরুদ্ধ শহর এল-ওবেইদকে সংযুক্তকারী কৌশলগত আল-সাদারাত মহাসড়কের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি করেছে। সেনাবাহিনীর মতে, এই মহাসড়ক পুনর্দখলের ফলে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর এল-ওবেইদ দখলের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে এবং সেনাদের রসদ ও সরঞ্জাম পরিবহন সহজ হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিনের তীব্র লড়াইয়ের পর সেনাবাহিনী উম কুরফা ও জারিগাখসহ মহাসড়কসংলগ্ন কয়েকটি এলাকা পুনর্দখলের দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, অভিযানে আরএসএফের উল্লেখযোগ্য জনবল ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা পিছু হটতে বাধ্য হয়েছে। তবে এ বিষয়ে আরএসএফের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই মহাসড়ক পুনরুদ্ধার হলে কয়েক মাস পর প্রথমবারের মতো খার্তুম থেকে করদোফান অঞ্চলে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের সুযোগ তৈরি হবে। বিশ্লেষকদের মতে, এতে শুধু সেনাবাহিনীর সামরিক সরবরাহই সহজ হবে না, বরং যুদ্ধকবলিত এলাকায় মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য পরিবহনও কিছুটা স্বাভাবিক হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এল-ওবেইদে প্রায় পাঁচ লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং জাতিসংঘ সেখানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে। একই সঙ্গে জাতিসংঘ জানিয়েছে, চলমান সংঘাতে নারী ও শিশুরা গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছেন এবং যৌন সহিংসতাসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে।
















