আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি চুক্তি সম্ভব হবে কেবল তখনই, যখন ইসরায়েল লেবাননে সব ধরনের হামলা নিঃশর্তভাবে বন্ধ করবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষাকে ইরানের প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি হিজবুল্লাহ, সংগঠনটির সাবেক নেতা হাসান নাসরুল্লাহ এবং দক্ষিণ লেবাননের জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তার দাবি, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার সুযোগ নেই।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হলেও তা নিয়ে বিতর্ক রয়েছে। সমঝোতা অনুযায়ী, হিজবুল্লাহ নিরস্ত্র হওয়ার পর ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী অধিকৃত এলাকা থেকে সরে যাবে। তবে ইরান ও হিজবুল্লাহ এই শর্ত প্রত্যাখ্যান করেছে এবং অভিযোগ করেছে, ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্লেষকদের মতে, বর্তমান সমঝোতা ইসরায়েলের নিরাপত্তা অগ্রাধিকারের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। একই সময়ে ইয়েমেনেও সংঘাত ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে, ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে।
















