পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছিল। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখতে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে নির্বাচিত হন। তিনি ওই নির্বাচনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী সংসদ সদস্যদের একজন ছিলেন।
প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই তিনি মন্ত্রিসভায় স্থান পান এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
দীপেন দেওয়ান ২০০৫ সালে যুগ্ম জেলা জজের পদ ছেড়ে রাজনীতিতে যোগ দেন। পরে তিনি রাঙামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং কেন্দ্রীয় পর্যায়ে দলের ধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্বও পালন করেন।
তাঁর বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা ছিলেন।
















