মিরপুর ও গুলশানে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান; সরকারি নির্দেশনা অমান্য করায় বাণিজ্যিক প্রতিষ্ঠানে জেল-জরিমানার সতর্কতা
দেশে চলমান তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে নেমেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। রাজধানীর শপিং মল, মার্কেট এবং বিপণিবিতানগুলোতে সন্ধ্যা ৭টার পর আলোকসজ্জা ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও অভিযান শুরু করেছে প্রতিষ্ঠানটি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেসকো জানায়, নির্ধারিত সময়ের পর জরুরি সেবা ব্যতীত কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে মিরপুর ও গুলশানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু নামী প্রতিষ্ঠানকে জরিমানা ও অপ্রয়োজনীয় আলোকসজ্জার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ডেসকোর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত ডিসপ্লে লাইট ও আলোকসজ্জা ব্যবহার করছে। গত বুধবার ও বৃহস্পতিবার মিরপুর এলাকায় পরিচালিত অভিযানে স্পার্ক গিয়ার ও বেস্টবাইসহ কয়েকটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া গুলশানের একটি খাবারের দোকানে অতিরিক্ত আলোকসজ্জার দায়ে জরিমানা আদায়ের পাশাপাশি ডিসপ্লে লাইট জব্দ করেন ডেসকোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম। ডেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে এবং লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন করা হচ্ছে; তবে নির্দেশনার ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করা হবে না।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন প্রকৌশলী ও কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছেন। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং দেশীয় গ্রিডের ওপর চাপ কমাতে সরকারের নেওয়া এই সিদ্ধান্তে সহযোগিতা করতে সর্বসাধারণ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ডেসকোর পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, রাত ৭টার পর বাণিজ্যিক স্থাপনা খোলা রাখা বিদ্যুৎ সাশ্রয় নীতির চরম লঙ্ঘন এবং জনস্বার্থে এই অভিযান সামনের দিনগুলোতে আরও জোরদার করা হবে।
















