ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগকে জোরদার করতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ব্যক্তিগতভাবে এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনিরের পক্ষ থেকেও ধন্যবাদ জানান।
শাহবাজ শরিফ বলেন, কূটনৈতিক প্রচেষ্টাকে সফল করতে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর অনুরোধ যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে গ্রহণ করেছে, যা শান্তিপূর্ণ সমাধানের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, এই সংকটের সমাধানে আলোচনা-ভিত্তিক উদ্যোগ চালিয়ে যাবে পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি বজায় রাখবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।














