প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক তার দীর্ঘ প্রায় ১৫ বছরের দায়িত্ব পালন শেষে পদত্যাগ করছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সোমবার এ ঘোষণা দেওয়া হয়েছে।
৬৫ বছর বয়সী টিম কুক আগামী ১ সেপ্টেম্বর দায়িত্ব হস্তান্তর করবেন অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান জন টারনাসের কাছে। তবে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থেকে যাবেন।
টিম কুক ১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেন এবং ২০১১ সালে প্রধান নির্বাহী হন। তার নেতৃত্বে আইফোনকেন্দ্রিক প্রবৃদ্ধির ধারায় কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৩৫০ বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। একই সময়ে প্রতিষ্ঠানের বার্ষিক আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
তার সময়ে অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং অ্যাপল ভিশন প্রোর মতো নতুন পণ্যের পাশাপাশি আইক্লাউড, অ্যাপল পে, অ্যাপল টিভি ও অ্যাপল মিউজিকসহ বিভিন্ন সেবা চালু করা হয়।
এক বিবৃতিতে টিম কুক বলেন, অ্যাপলের মতো একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান।
নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া জন টারনাস ২০২১ সাল থেকে হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আইপ্যাড, এয়ারপডসসহ বিভিন্ন পণ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নির্বাহী চেয়ারম্যান হিসেবে টিম কুক ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমে, বিশেষ করে নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগে ভূমিকা রাখবেন।
















