আলজেরিয়ার সাবেক শিল্পমন্ত্রী আলী আউনকে দুর্নীতির অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিল্প ও ওষুধ উৎপাদন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আলী আউনকে একটি আলোচিত দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে সোমবার কারাগারে পাঠানো হয়। একই মামলায় আরও কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তিকেও দণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ ছিল, লৌহ ও অ-লৌহ ধাতব বর্জ্য বিক্রির ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার নিয়ম ভঙ্গ করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে শিল্প ও বিনিয়োগসংক্রান্ত চুক্তি প্রদান এবং দুর্নীতি ও অপব্যবস্থাপনার ঘটনাও এই মামলার অন্তর্ভুক্ত ছিল।
রাষ্ট্রপক্ষ সাবেক মন্ত্রীর জন্য ১২ বছরের কারাদণ্ড দাবি করেছিল। তবে আদালত তাকে পাঁচ বছরের সাজা দেওয়ার পাশাপাশি ১০ লাখ আলজেরীয় দিনার অর্থদণ্ডও প্রদান করে।
এই মামলায় সাবেক মন্ত্রীর ছেলে মেহদি আউনকেও ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন বিনিয়োগকারী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এক কর্মকর্তা এবং একজন ব্যবসায়ীকে তিন থেকে দশ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। কিছু আসামি প্রমাণের অভাবে খালাস পেয়েছেন।
এই রায় এমন সময় এলো, যখন দেশটির প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেববুনের নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযান চলমান রয়েছে। ২০১৯ সালে গণতন্ত্রপন্থী বিক্ষোভের প্রেক্ষাপটে ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রেসিডেন্ট আবদেলআজিজ বুতেফলিকার আমলের অনেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন।
















