ব্রিটিশ রাজপরিবার ঘোষণা দিয়েছে, প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ-এর আনুষ্ঠানিক জীবনী লিখবেন ইতিহাসবিদ আনা কেয়।
২০২২ সালের সেপ্টেম্বরে মৃত্যুবরণ করা এই রানী টানা ৭০ বছরেরও বেশি সময় সিংহাসনে ছিলেন। তার জীবন ও শাসনকাল নিয়ে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য একটি জীবনী রচনার উদ্যোগ নিয়েছে রাজপরিবার।
ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজা তৃতীয় চার্লস নিজেই এই দায়িত্ব একজন নারী ইতিহাসবিদকে দিতে আগ্রহী ছিলেন।
বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, আনা কেয় রানীর ব্যক্তিগত ও সরকারি নথিপত্র ব্যবহারের সুযোগ পাবেন, যা রাজকীয় সংরক্ষণাগারে সংরক্ষিত রয়েছে। পাশাপাশি তিনি রাজপরিবারের সদস্য, ঘনিষ্ঠজন ও প্রাসাদের কর্মীদের সঙ্গেও কথা বলতে পারবেন।
নিজের প্রতিক্রিয়ায় আনা কেয় বলেন, এই দায়িত্ব পাওয়া তার জন্য গভীর সম্মানের। তিনি রানীকে এক অসাধারণ নারী হিসেবে উল্লেখ করে বলেন, তার জীবন এক শতাব্দীর গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী।
তিনি আরও জানান, রানীর জীবন ও কর্ম যথাযথভাবে তুলে ধরার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
বিশ্লেষকদের মতে, রাজপরিবারের আনুষ্ঠানিক জীবনীতে প্রায়ই এমন কিছু অজানা তথ্য উঠে আসে, যা ইতিহাসকে নতুনভাবে জানার সুযোগ করে দেয়।
















