সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্কের মেয়র পদপ্রার্থী ঝোহরান মামদানীকে ফোন করে তার নির্বাচনী প্রচারণার প্রশংসা করেছেন এবং ভবিষ্যতের জন্য পরামর্শদাতা হিসেবে পাশে থাকার প্রস্তাব দিয়েছেন।
শনিবারের এই প্রায় আধা ঘণ্টার ব্যক্তিগত আলাপচারিতা ছিল গোপনীয়, যা পরে ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত হয়েছে। আলাপের সময় ওবামা বলেন, নির্বাচনের সীমা ছাড়িয়ে তিনি মামদানীর সাফল্যে আগ্রহী, বিশেষ করে এমন এক প্রশাসনিক কাঠামো গড়ে তোলায় যা শহরের জীবনযাত্রা আরও সাশ্রয়ী ও মানবিক করে তুলবে।
ওবামা জানান, “তোমার প্রচারণা ছিল দেখার মতো অনুপ্রেরণামূলক।” কথোপকথনে তিনি নিজের অতীত ভুল নিয়েও হালকা রসিকতা করেন, আর প্রশংসা করেন মামদানীর স্থিরতা ও বিচক্ষণতার।
যদিও ওবামা আনুষ্ঠানিকভাবে মামদানীকে সমর্থন জানাননি—তার স্বাভাবিক নীতি অনুযায়ী স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ থেকে বিরত থাকেন তিনি—তবু এই ফোনালাপকে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কারণ, দলের অনেক নেতাই এখনো মামদানীর সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন।
ওবামা প্রস্তাব দিয়েছেন, যদি মামদানী নির্বাচনে জয়ী হন, তিনি তার জন্য এক “সাউন্ডিং বোর্ড” হিসেবে কাজ করবেন—একজন শ্রোতা, পরামর্শদাতা, প্রেরণার উৎস। দুজনের মধ্যে ওয়াশিংটনে এক সাক্ষাতের পরিকল্পনাও হয়েছে, যদিও তারিখ এখনো নির্ধারিত নয়।
মামদানী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার সাম্প্রতিক ইসলামোফোবিয়া-বিষয়ক বক্তৃতার অনুপ্রেরণা এসেছে ওবামার প্রথম নির্বাচনী প্রচারণায় দেওয়া জাতি-বিষয়ক ঐতিহাসিক ভাষণ থেকে।
ওবামার পক্ষ থেকে মন্তব্য করা হয়নি, তবে মামদানীর মুখপাত্র ডোরা পেকেক এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট ওবামার উৎসাহব্যঞ্জক কথাগুলো ও নতুন রাজনৈতিক দিগন্ত নিয়ে তার আলোচনাকে মামদানী গভীরভাবে মূল্যায়ন করছেন।”
মার্কিন রাজনীতিতে এই ফোনালাপ নতুন আলো ফেলেছে। কারণ, ডেমোক্রেটিক নেতাদের বড় অংশ যেমন চাক শুমার বা হাকিম জেফ্রিস এখনো মামদানীকে প্রকাশ্যে সমর্থন দেননি, সেখানে ওবামার ব্যক্তিগত যোগাযোগ তার প্রচারণায় এক আশাবাদী মাত্রা যোগ করেছে।
রিপাবলিকানরা ইতিমধ্যে মামদানীকে “ডেমোক্রেটিক পার্টির নতুন চেহারা” হিসেবে তুলে ধরতে শুরু করেছে, একে বলছে “এক দলের সমাজতান্ত্রিক রূপান্তরের কাহিনি।”
কুইন্সের এই তরুণ আইনপ্রণেতা এ বছরের জুনে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে রাজনীতিতে আলোড়ন তোলেন। এরপর থেকে তিনি ৯০,০০০ স্বেচ্ছাসেবী নিয়ে গড়ে তুলেছেন এক অভূতপূর্ব প্রচারণা দল, যার সঙ্গে যুক্ত হয়েছেন বার্নি স্যান্ডার্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজের মতো নেতারাও।
মামদানীর প্রচারণা অনেককেই স্মরণ করিয়ে দিয়েছে ২০০৮ সালের ওবামা আন্দোলন—যে সময় তরুণরা “পরিবর্তনের” স্বপ্নে রাজনীতিকে আবার প্রেমে পরিণত করেছিল। ওবামার প্রাক্তন মুখপাত্র টমি ভিয়েতর বলেন, “এটা আমাকে ফিরিয়ে নিয়ে যায় ২০০৭-এ, যখন আমি আইওয়ায় ওবামার হয়ে কাজ করতাম—তখন সবকিছু ছিল সম্ভাবনায় ভরা, আশায় পূর্ণ।”
সেই আশার পথেই এখন এগোচ্ছেন ঝোহরান মামদানী—এক নতুন প্রজন্মের প্রতিনিধি, যার প্রতি ওবামার সেই ফোন যেন এক নীরব আশীর্বাদ, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে রাজনীতির মশাল হস্তান্তরের মুহূর্ত।
















