সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুনের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে।
সোমবার (৬ এপ্রিল) সৌদি এয়ারলাইন্সের এসভি৮০৬ ফ্লাইটে মামুনের মরদেহ বহনকারী বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।
গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের শহীদ সওদাগরের ছেলে।
দীর্ঘ ১৫ বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। তার স্ত্রী শারমিন আক্তার এবং ৬ বছর বয়সী একমাত্র পুত্রসন্তান মাহেদী শেখ এখন দিশেহারা।
গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা হয়।
ওই হামলায় মামুন গুরুতর আহত হলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৭ মার্চ স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
একই হামলায় মোশাররফ হোসেন নামে আরো এক বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। তার মরদেহ গত ২০ মার্চ দেশে আনা হয়েছিল।
















