অবশেষে ধরা পড়ল! রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে সশস্ত্র সন্ত্রাসী ও কুখ্যাত মাদক সম্রাট এস কে নাসিমকে (৩২)। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দুই হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষের নেতৃত্ব দিতে দেখা যাওয়ার পর থেকেই পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল এই ব্যক্তি।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাসিমকে গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করা হয়।
কে এই নাসিম?
গ্রেপ্তারকৃত এস কে নাসিম জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের জি ব্লকে বসবাস করতেন। সে ছিল কুখ্যাত এসকে জিলানী উরফে ‘কানা জিলানীর’ ছেলে। জেনেভা ক্যাম্প এলাকায় সে দীর্ঘদিন ধরে মাদক ও সশস্ত্র অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং নিজেকে ‘সন্ত্রাসী’ হিসেবে প্রতিষ্ঠা করেছিল।
ডিএমপি জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে এই নাসিমকে দুই হাতে অস্ত্র তাক করে একটি সংঘর্ষে নেতৃত্ব দিতে দেখা যায়। এর পরই পুলিশ তৎপর হয়ে ওঠে এবং অভিযান চালিয়ে তাকে তার আস্তানা থেকে গ্রেপ্তার করে।
জনমনে প্রশ্ন উঠেছিল, প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে এমন ভয়ংকর সংঘর্ষের নেতৃত্ব দেওয়া সত্ত্বেও কেন এই সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবশেষে ডিএমপির এই অভিযানে ক্যাম্প এলাকার অপরাধ সাম্রাজ্যে বড় ধরনের ধাক্কা লাগলো বলে মনে করা হচ্ছে।
















