আমান-খোকন-মিলন-এ্যানির ভাগ্য সুপ্রসন্ন; টেকনোক্র্যাট কোটায় আসতে পারেন রিজভী ও সোহেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন সবার নজর তারেক রহমানের নতুন মন্ত্রিসভার দিকে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাওয়া এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বইছে প্রবল কৌতূহল। এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভায় তাদের অন্তর্ভুক্তির বিষয়টি প্রায় নিশ্চিত বলে জানা গেছে। প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উদ্যম—এই ‘হাইব্রিড’ মডেলে তারেক রহমান তাঁর প্রথম মন্ত্রিসভা সাজাচ্ছেন বলে বিএনপি সূত্রে জানা গেছে। আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মতো অভিজ্ঞদের পাশাপাশি সুলতান সালাউদ্দিন টুকু ও হাবিব উন নবী খান সোহেলদের মতো নেতাদের নিয়ে গঠিত হতে যাচ্ছে নতুন ‘পাওয়ার হাউস’। ছাত্রদল থেকে উঠে আসা এই নেতৃত্ব কেবল দলেই নয়, বরং আগামীর রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
মন্ত্রিপরিষদ ও দলীয় নির্ভরযোগ্য সূত্র বলছে, নতুন মন্ত্রিসভার আকার ৩২ থেকে ৪২ সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে ঢাকা-২ আসন থেকে জয়ী আমানউল্লাহ আমান এবং নরসিংদী-১ আসন থেকে নির্বাচিত খায়রুল কবির খোকন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
এছাড়া লক্ষ্মীপুর-৩ থেকে নির্বাচিত শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলনকেও হেভিওয়েট মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে। প্রথমবারের মতো সংসদে যাওয়া আজিজুল বারী হেলাল (খুলনা-৪), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫) এবং আমিরুল ইসলাম খান আলিমদের (সিরাজগঞ্জ-৫) মধ্য থেকে কাউকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে চমক দিতে পারেন তারেক রহমান।
সবচেয়ে বড় চমক হতে পারে ‘টেকনোক্র্যাট’ কোটা। সংসদ সদস্য না হলেও দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা রুহুল কবির রিজভী এবং হাবিব উন নবী খান সোহেলকে মন্ত্রিসভায় আনার জোরালো সম্ভাবনা রয়েছে। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, গত ১৫ বছরের দুঃসময়ে যারা রাজপথে অটল ছিলেন, তাদের যোগ্য সম্মান দিতে চান দলীয় প্রধান।
এছাড়া ঢাকা-৯ থেকে নির্বাচিত হাবিবুর রশিদ হাবিব এবং বরিশাল-৪ থেকে নির্বাচিত রাজীব আহসানের নামও আলোচনায় রয়েছে। মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই পার্লামেন্টারি বোর্ডের সভায় তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হবে এবং বিকেলেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন।
















