বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মাসিক রক্তক্ষরণ (হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং) শুধু দৈনন্দিন অসুবিধা নয়, বরং এটি একটি গুরুতর স্বাস্থ্যসমস্যা, যা বিশ্বজুড়ে প্রজননক্ষম বয়সী বিপুলসংখ্যক নারীকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞদের মতে, এ বিষয়ে দীর্ঘদিন গবেষণার ঘাটতি এবং সামাজিক সংকোচের কারণে অনেকেই সময়মতো চিকিৎসা পান না।
প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণ অনেক ক্ষেত্রে জরায়ুর ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, পলিপ, রক্তক্ষরণজনিত রোগ বা অন্যান্য স্বাস্থ্যসমস্যার লক্ষণ হতে পারে। চিকিৎসা না হলে আয়রনের ঘাটতি, রক্তস্বল্পতা, শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং কর্মক্ষমতা হ্রাসের মতো জটিলতা দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত মাসিক রক্তক্ষরণে ভোগা নারীদের ৪০ শতাংশেরও বেশি আয়রনের ঘাটতিতে আক্রান্ত হন।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সমস্যার কারণে অনেক নারী নিয়মিত স্কুল, কর্মক্ষেত্র ও সামাজিক কর্মকাণ্ড থেকে পিছিয়ে পড়েন। যুক্তরাজ্যে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত মাসিক রক্তক্ষরণে ভোগা কিশোরীরা বছরে গড়ে নয় দিন স্কুল মিস করে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু ব্যক্তিগত নয়, অর্থনীতি ও জনস্বাস্থ্যের ওপরও বড় প্রভাব ফেলে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে জন্মনিয়ন্ত্রণ বড়ি, হরমোনাল আইইউডি, ট্রানেক্সামিক অ্যাসিডসহ বিভিন্ন চিকিৎসা থাকলেও সেগুলো সব রোগীর ক্ষেত্রে কার্যকর নয়। গবেষকেরা দ্রুত রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা এবং মাসিককে রক্তচাপ বা শরীরের তাপমাত্রার মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসূচক হিসেবে মূল্যায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন, যাতে নারীরা দীর্ঘদিন অবহেলার শিকার না হন।
















