Rodrigo Duterte-এর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতে জমা দেওয়া নথিতে দুই বর্তমান ফিলিপিনো সিনেটরকে ‘সহঅপরাধী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আদালতের প্রসিকিউটরদের প্রকাশিত নথি অনুযায়ী, সিনেটর Ronald dela Rosa ও Christopher Goসহ মোট আটজন বর্তমান ও সাবেক কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক বিচারমন্ত্রী Vitaliano Aguirre II-এর নামও রয়েছে তালিকায়।
দুতের্তেকে ২০২৫ সালের মার্চে ম্যানিলায় গ্রেপ্তার করে নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালতের হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে অন্তত ৭৬টি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে, যা তার ঘোষিত মাদকবিরোধী অভিযানের অংশ ছিল বলে অভিযোগ।
প্রসিকিউশন নথিতে বলা হয়েছে, দুতের্তে ও তার সহযোগীরা কথিত অপরাধীদের ‘নিরস্ত্র’ বা ‘নিষ্ক্রিয়’ করার নামে সহিংস কর্মকাণ্ড, এমনকি হত্যার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন।
দেলা রোসা দুতের্তের শাসনামলে জাতীয় পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং মাদকবিরোধী অভিযানের প্রধান বাস্তবায়নকারী ছিলেন। ক্রিস্টোফার গো দুতের্তের ঘনিষ্ঠ সহকারী হিসেবে দাভাও শহরের মেয়র থাকা সময় থেকে প্রেসিডেন্ট থাকা পর্যন্ত পাশে ছিলেন।
আদালতে এখন চার দিনের ‘অভিযোগ নিশ্চিতকরণ’ শুনানি হবে, যেখানে বিচারকরা সিদ্ধান্ত নেবেন অভিযোগ বিচার পর্যন্ত গড়াবে কি না। এর আগে বিচারকরা দুতের্তের স্বাস্থ্যগত কারণে বিচার অনুপযুক্ত—এই যুক্তি খারিজ করেছেন।
আইনজীবী ক্রিস্টিনা কন্তি বলেন, এই নথিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্তি দেখায় যে অভিযানের সময় দায়মুক্তি নিশ্চিত করার মতো একটি কাঠামো গড়ে তোলা হয়েছিল।
অভিযোগের প্রথম অংশে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে দাভাও শহরের মেয়র থাকাকালে ১৯টি হত্যাকাণ্ডে দুতের্তে সহঅপরাধী ছিলেন। দ্বিতীয় অংশে ২০১৬ ও ২০১৭ সালে তথাকথিত ‘উচ্চমূল্যের লক্ষ্যবস্তু’ হত্যার অভিযোগ রয়েছে। তৃতীয় অংশে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে দেশজুড়ে অভিযানকালে ৪৩টি হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত।
আদালত শুক্রবার মামলায় আরও ৫০০ জন অভিযোগকারী যুক্ত করার অনুমতি দিয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
















