বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিযোগ করেছে যে বিএনপি প্রথমে গণভোটে রাজি হলেও এখন এটি নিয়ে জটিলতা তৈরির চেষ্টা করছে। জামায়াত নভেম্বরের শেষ দিকে, অর্থাৎ আসন্ন জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।
বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। তিনি বলেন, “গণভোট এবং জাতীয় নির্বাচন এক বিষয় নয়।”
জামায়াতে ইসলামী একটি বিশেষ আদেশের মাধ্যমে ‘জুলাই সনদের’ সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে।
মি. তাহের বলেন, “একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটি সংবিধান নয়, এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট (সংবিধান-বহির্ভূত ব্যবস্থা) যেটা কোনো সরকার এরকম পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। এ বিষয়ে উনি (প্রধান উপদেষ্টা) আমাদের সঙ্গে একমত হয়েছেন।”
এছাড়া, মি. তাহের মন্তব্য করেন যে নির্বাচন কমিশন, সচিবালয় ও পুলিশ প্রশাসনে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ কর্মকর্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুগত।

















