জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য: নওগাঁ-২ আসনে সর্বোচ্চ ও ৫-এ সর্বনিম্ন ভোট
নওগাঁর ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বেশ উৎসবমুখর পরিবেশে চলছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অর্থাৎ প্রথম সাড়ে ৪ ঘণ্টায় জেলায় গড়ে ৩১.৯৩ শতাংশ ভোট পড়েছে বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সকাল সাড়ে ৭টা থেকে একযোগে নওগাঁর ৭৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ উপস্থিতি লক্ষ করা গেছে। জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আসন ভিত্তিক ভোটের হার নিচে তুলে ধরা হলো:
আসন ভিত্তিক ভোটের পরিসংখ্যান:
- নওগাঁ-১: ৩৩%
- নওগাঁ-২: ৩৭.৫৬% (জেলায় সর্বোচ্চ)
- নওগাঁ-৩: ৩২.২৫%
- নওগাঁ-৪: ৩৭%
- নওগাঁ-৫: ২৩% (জেলায় সর্বনিম্ন)
- নওগাঁ-৬: ২৮.৮০%
জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, নওগাঁ-২ আসনে ভোটার উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তবে নওগাঁ-৫ (সদর) আসনে তুলনামূলক কম ভোট পড়লেও দুপুরের পর ভোটার সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এই পরিসংখ্যানে পোস্টাল ব্যালটের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি।
নিরাপত্তা ও আইনশৃঙখলা পরিস্থিতি: নওগাঁর ৬টি আসনে মোট ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন ভোটার তাদের রায় প্রদান করছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া জেলাজুড়ে মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিরলসভাবে কাজ করছেন। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনী মাঠে নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্রসহ মোট ৩২ জন প্রার্থী লড়াই করছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং এরপরই শুরু হবে গণনার কাজ।
















