সিলেট-১ আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
মদিনা মার্কেট এলাকার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৭টা ৪৫ মিনিটে নারী ভোটারদের বড় লাইন দেখা যায়। একই চিত্র ছিল পাঠানটুলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও, যেখানে প্রাথমিকভাবে উপস্থিত ভোটারদের বড় অংশই ছিলেন নারী।
ভোটার পাভরিন আক্তার বলেন, সকালে ভোট দিলে পরিবেশ শান্ত থাকে এবং ভিড় কম থাকে। পরে রোদ ও ভিড়ের কারণে ভোট দেওয়া কষ্টকর হয়ে যায়। ইয়াসমিন জান্নাত জানান, গৃহস্থালির কাজ শুরুর আগে ভোট দিতে এসেছেন, কারণ পরে সময় পাওয়া কঠিন।
শাহজালাল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে সাতটি বুথে মোট ৩ হাজার ৩৬ জন ভোটার রয়েছেন, এর মধ্যে ১ হাজার ৭৪৫ জন নারী।
সুবিদবাজার এলাকার পিটিআই একাডেমি ভবন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, সব প্রার্থীর এজেন্ট উপস্থিত রয়েছেন এবং প্রথম আধা ঘণ্টায় প্রায় ৫০টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ২ হাজার ৪৯৭ জন নারী ভোটার রয়েছেন।
















