যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত এফবিআই নথিতে উঠে এসেছে, ২০০৬ সালে ফ্লোরিডার পাম বিচ পুলিশ প্রধানকে ডোনাল্ড ট্রাম্প ফোন করে বলেছিলেন, জেফ্রি এপস্টাইনের আচরণ সম্পর্কে “সবাই জানত”। নথিটি ২০১৯ সালে নেওয়া এক সাক্ষাৎকারের লিখিত সারসংক্ষেপ।
সাক্ষাৎকারে তৎকালীন পাম বিচ পুলিশ প্রধান—যার নাম নথিতে গোপন রাখা হয়েছে—দাবি করেন, এপস্টাইনের বিরুদ্ধে তদন্ত শুরুর পর ট্রাম্প তাকে ফোন করেন এবং বলেন, “ধন্যবাদ, আপনারা তাকে থামাচ্ছেন, সবাই জানত সে এসব করছিল।” ওই সময় পাম বিচের পুলিশ প্রধান ছিলেন মাইকেল রেইটার, যিনি পরে একটি সংবাদমাধ্যমকে বলেন, তিনিই ওই ফোনকলটি পেয়েছিলেন।
নথি অনুযায়ী, ট্রাম্প আরও দাবি করেন যে তিনি এপস্টাইনকে তার মার-আ-লাগো ক্লাব থেকে বের করে দিয়েছিলেন এবং নিউইয়র্কেও অনেকে জানতেন যে তিনি “অরুচিকর” আচরণ করতেন। সাবেক পুলিশ প্রধানের ভাষ্য, ট্রাম্প গিসলাইন ম্যাক্সওয়েলকে এপস্টাইনের সহযোগী হিসেবে উল্লেখ করে তার দিকে নজর দিতে বলেন। ম্যাক্সওয়েল ২০২১ সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রলুব্ধ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন।
ট্রাম্প বরাবরই এপস্টাইনের অপরাধ সম্পর্কে পূর্বজ্ঞান থাকার অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৯ সালে এপস্টাইন গ্রেপ্তার হওয়ার পর সাংবাদিকদের তিনি বলেছিলেন, তার কোনো ধারণাই ছিল না এবং বহু বছর আগে সম্পর্ক ছিন্ন করেছিলেন।
বিচার বিভাগের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, প্রায় ২০ বছর আগে ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিলেন—এমন দাবির পক্ষে কোনো সমর্থনযোগ্য প্রমাণ তাদের জানা নেই। হোয়াইট হাউসের মুখপাত্রও বলেন, ফোনকলটি হয়েছিল কি না তিনি নিশ্চিত নন, তবে ট্রাম্প সবসময় বলেছেন যে তিনি এপস্টাইনকে তার ক্লাব থেকে বের করে দিয়েছিলেন।
২০০৬ সালে পাম বিচ পুলিশ অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণের অভিযোগে এপস্টাইনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। পরে মামলাটি ফেডারেল প্রসিকিউটরদের কাছে যায় এবং ২০০৮ সালে একটি বিতর্কিত সমঝোতা চুক্তির মাধ্যমে তিনি গুরুতর অভিযোগ থেকে রেহাই পান।
এদিকে ম্যাক্সওয়েল সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির সামনে ভার্চুয়াল সাক্ষ্যে অধিকাংশ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান এবং সংবিধানসম্মত নীরব থাকার অধিকার প্রয়োগ করেন। তার আইনজীবী দাবি করেছেন, প্রেসিডেন্টের ক্ষমা পেলে তিনি বিস্তারিতভাবে কথা বলতে প্রস্তুত। ট্রাম্প অবশ্য জানিয়েছেন, ম্যাক্সওয়েলকে ক্ষমা দেওয়ার বিষয়টি তিনি ভাবেননি।
















