সোমালিয়ার একটি যাত্রীবিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে রানওয়ে অতিক্রম করে সমুদ্রতীরে গিয়ে থামে। তবে বিমানে থাকা ৫০ যাত্রী ও পাঁচ ক্রুসহ সবাই প্রাণে বেঁচে যান। এ ঘটনায় দ্রুত ও শান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পাইলটকে প্রকাশ্যে প্রশংসা করেছে স্টারস্কি এভিয়েশন।
মঙ্গলবার সকালে মোগাদিশু থেকে উড্ডয়নের পরপরই বিমানটির ক্রুরা যান্ত্রিক সমস্যার কথা জানান এবং ফিরে আসার অনুরোধ করেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ফকার ৫০ মডেলের বিমানটি অবতরণ করলেও রানওয়েতে থামতে পারেনি এবং টারম্যাক অতিক্রম করে অগভীর পানিতে গিয়ে দাঁড়ায়।
ঘটনার ভিডিওতে দেখা যায়, ভারত মহাসাগরের তীরে বিমান থেকে যাত্রীরা নেমে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
আফ্রিকান ইউনিয়নের মিশন জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য দ্রুত বাহিনী মোতায়েন করা হয়। পরিবহনমন্ত্রীও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঠিক কী ধরনের ত্রুটি হয়েছিল, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।
বিমানসংস্থার মুখপাত্র বলেন, পাইলটের তাৎক্ষণিক ও বিচক্ষণ সিদ্ধান্তই সবার জীবন রক্ষা করেছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
















