সেনেগালের পুলিশ জানিয়েছে, দেশটি ও ফ্রান্সের মধ্যে সক্রিয় একটি শিশু নির্যাতনচক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, ২০১৭ সাল থেকে পরিচালিত এই আন্তঃদেশীয় অপরাধচক্রের সব অভিযুক্তই সেনেগালের নাগরিক।
পুলিশের বিবৃতিতে বলা হয়, চক্রটির বিরুদ্ধে সংগঠিত শিশু যৌন নির্যাতন, দালালি, ১৫ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণ, জোরপূর্বক সমকামিতা এবং ইচ্ছাকৃতভাবে এইচআইভি/এইডস সংক্রমণের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা বারবার কিশোর ছেলেদের অধিকাংশ ক্ষেত্রে এইচআইভি–পজিটিভ প্রাপ্তবয়স্ক পুরুষদের সঙ্গে সুরক্ষাবিহীন যৌনতায় বাধ্য করত এবং সেই দৃশ্য ধারণ করত।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তদের মধ্যে চারজন ফ্রান্সে এপ্রিল ২০২৫-এ গ্রেপ্তার হওয়া এক ফরাসি নাগরিকের নির্দেশে কাজ করছিলেন। অর্থ লেনদেনের বিনিময়ে এসব কর্মকাণ্ড পরিচালিত হতো বলে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার অভিযুক্তদের আদালতে তোলা হয়। এর আগে রাজধানী ডাকার-এর বিভিন্ন এলাকা এবং রাজধানীর দক্ষিণ-পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরের কাওলাক শহরে একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
রোববার প্রকাশিত পুলিশের আরেক বিবৃতিতে জানানো হয়, এই অভিযানটি সেনেগাল ও ফ্রান্স-এর আইনশৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সহযোগিতায় পরিচালিত হয়েছে। অভিযানে ফরাসি পুলিশের একটি প্রতিনিধিদলও অংশ নেয়।
পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধচক্র সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। একই সঙ্গে সাধারণ জনগণকে তথ্য দিতে একটি টোল–ফ্রি নম্বরও চালু করা হয়েছে।
















