লস অ্যাঞ্জেলেসে বসেছিল সংগীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজনের ৬৮তম আসর। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় ক্রিপ্টো ডট কম অ্যারেনা বিশ্ব তারকাদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে। রেড কার্পেটে হেঁটেছেন বহু খ্যাতিমান শিল্পী। তবে স্বচ্ছ ও খোলামেলা পোশাকে আলাদা করে দৃষ্টি কাড়েন পপ গায়িকা চ্যাপেল রোয়ান।
খোলামেলা পোশাক নিয়ে আলোচনায় থাকা যেন তার নিয়মিত বিষয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। রেড কার্পেটে তিনি হাজির হন গাঢ় তামাটে রঙের স্বচ্ছ গাউন পরে। এই পোশাকটি নকশা করেন মুগলারের সৃজনপরিচালক মিগুয়েল কাস্ত্রো ফ্রেইটাস।
তার বিশেষভাবে তৈরি নেগ্লিজি ধাঁচের পোশাক ও মিলিয়ে কেপ গাঢ় লাল রঙের সিল্ক জর্জেট কাপড়ে তৈরি ছিল। কেপটি সরানোর পর পোশাকের স্বচ্ছতার কারণে তার দেহাবয়ব স্পষ্ট হয়ে ওঠে। সিল্ক জর্জেট অংশটি অলংকারের রিং দিয়ে ঝুলানো ছিল।
পায়ে ছিল ফিতাযুক্ত উঁচু হিল, গলায় সোনালি চোকার এবং চোখে গাঢ় সাজ। খোলা পিঠজুড়ে ছিল ট্যাটু।
এর আগের আসরে তিনি সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছিলেন। চলতি বছরে তার জনপ্রিয় গান দ্য সাবওয়ের জন্য সেরা একক পপ পরিবেশনা ও বর্ষসেরা গানের বিভাগে মনোনয়ন পান, তবে পুরস্কার জিততে পারেননি।
দুই বছর আগে পোশাক বিতর্কের সময় এক সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার বা হয়রানি কোনো স্বাভাবিক বিষয় নয় এবং এসব বিষয়ে তিনি গুরুত্ব দেন না।
















