এনসিপি ও ১১ দলীয় জোটের পথযাত্রায় বিএনপিকে কড়া হুঁশিয়ারি
পার্বতীপুর ও ফুলবাড়ীবাসীকে চাঁদাবাজি ও মাদকমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিলেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, একটি পক্ষ ‘ফ্যামিলি কার্ডের’ নামে দেশে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের মিশনে নেমেছে। সোমবার দুপুরে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথযাত্রায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তিনি এসব কথা বলেন। বিএনপির ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জনগণকে ফ্যামিলি বা কৃষক কার্ড না দিয়ে বরং ‘এন্টি-চাঁদাবাজি কার্ড’ দেওয়া উচিত।
হাসনাত আব্দুল্লাহ বলেন, পার্বতীপুর ও ফুলবাড়ীর মানুষ দীর্ঘদিন ধরে চাঁদাবাজিতে অতিষ্ঠ। গত ১৫ মাসে এই চাঁদাবাজদের দৌরাত্ম্য কয়েকগুণ বেড়েছে, যার ফলে সাধারণ মানুষ ব্যবসা-বাণিজ্য ছেড়ে ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছে। এ অঞ্চলে খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও স্থানীয়দের কর্মসংস্থান বা আর্থসামাজিক উন্নয়ন না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি ১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে দেশ পরিবর্তনের লড়াই হিসেবে অভিহিত করে ভোটারদের মাদক ও লুটতরাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপিকে সতর্ক করে বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেবে। তিনি অভিযোগ করেন, ভোটারদের ‘ধানের শীষ’ ছাড়া অন্য প্রতীকে ভোট না দিতে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দিল্লির সবুজ সংকেতে বা বিকল্প পথে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে, তাদেরও শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে হবে। সমাবেশে দিনাজপুর-৫ আসনের প্রার্থী ডা. আব্দুল আহাদসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
















