হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
শনিবার রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ বিভাগের উপপরিচালক মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে থাকা আনুমানিক এক হাজার আনসার সদস্য আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন। এ সময় কর্তব্যরত অবস্থায় ২৫ জন সদস্য আহত হন এবং দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো এলাকার ৮ নম্বর গেটের পাশে বিভিন্ন কোম্পানির রাসায়নিক, গার্মেন্টস, ইলেকট্রনিকস ও মেশিনারিজ পণ্যের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ছাড়া সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিমানবন্দরের আনসার সদস্যরাও সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি।
















