ঢাকা-১৩ আসনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলের প্রতিশ্রুতি
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ঢাকা-১৩ আসনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মামুনুল হক।
বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শুরুর আগে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মামুনুল হক বলেন, অপরাধ দমনে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এতে করে এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি একই সঙ্গে জুলাই সনদের আলোকে রাষ্ট্র গঠনের লক্ষ্যে আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। মামুনুল হকের মতে, এই গণভোট ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ঢাকা-১৩ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আরও কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানান।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মামুনুল হক ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
















