বরগুনায় জনসভায় বক্তব্য নিয়ে বিতর্ক, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
পরে বক্তব্যকে ‘ভুল’ স্বীকার করে সতর্ক থাকার আহ্বান জানান বক্তা
বরগুনায় এক নির্বাচনী জনসভায় ভোটকেন্দ্র পাহারায় লাঠি ব্যবহারের আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। খেলাফত মজলিস–এর বেতাগী উপজেলা সভাপতি ক্বারি মাওলানা মো. বশির উল্লাহ জিহাদি বলেন, “প্রত্যেকটা সেন্টারে বাঁশের লাঠি আর গাবের কচা নিয়ে এমনভাবে পাহারা দেবেন, যাতে জাল ভোট দিতে না পারে।”
বুধবার রাতে বেতাগী উপজেলার মোকামিয়া বাজারসংলগ্ন এলাকায় বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনী জনসভায় এ বক্তব্য দেন তিনি। বক্তব্যে “প্রয়োজনে রক্তের বিনিময় হলেও সঠিক ভোট দেওয়ার” কথাও উল্লেখ করা হয়।
জনসভায় তিনি আরও বলেন, সবাইকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং জাল ভোট চলতে দেওয়া হবে না। স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে আগামী নির্বাচনে ‘ন্যায়বান’ প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যটি প্রকাশের পর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। পরে নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে মো. বশির উল্লাহ জিহাদি বলেন, বক্তব্যে আচরণবিধি লঙ্ঘন হতে পারে—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। “ওই কথাগুলো বলা আমার ভুল হয়েছে,” স্বীকার করে তিনি বলেন, তার উদ্দেশ্য ছিল ভোটকেন্দ্রে জাল ভোট ও সন্ত্রাসী কার্যকলাপ যেন না হয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বোঝানো।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসীর একাংশ।
















