দীর্ঘ প্রায় দুই দশক পর সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটি জামাইয়ের আগমনে পুরো নগরীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নগরীর অলিগলি ও সড়কজুড়ে ‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ লেখা ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় এলাকা। তাকে এক নজর দেখতে পেয়ে নেতাকর্মী ও সমর্থকেরা ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানে মুখর করে তোলেন চারপাশ।
বুধবার রাত আটটার দিকে স্ত্রী Zubaida Rahman ও কন্যাকে সঙ্গে নিয়ে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি তিনি হজরত শাহজালাল ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিমার মাজার জিয়ারত করেন। এ সময় বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী স্লোগান ও শুভেচ্ছায় তাকে স্বাগত জানান।
মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে নিজের শ্বশুরবাড়ি রাহাত মঞ্জিলে যান। সেখানে স্থানীয় নেতাকর্মী ও স্বজনদের নিয়ে দোয়া মাহফিলে অংশ নেন। তার আগমন উপলক্ষে শ্বশুরবাড়ি এলাকায় নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি।
রাজনৈতিক সফরের পাশাপাশি পারিবারিক এই আগমন সিলেটবাসীর কাছে একটি স্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন। এ জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট এগারোটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
















