নোটিফিকেশন পেতে ‘পুশ নোটিফিকেশন’ চালু করার আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের নির্দিষ্ট সেটিং পরিবর্তনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বার্তা পেতে ভোটারদের অবশ্যই অ্যাপের Push Notification অপশন চালু রাখতে হবে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তারা যেন Postal Vote BD অ্যাপের Settings অপশনে গিয়ে Push Notification Enable করে নেন।
ইসি জানায়, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটারদের ব্যালট পাঠানো হয়েছে।
দেশের অভ্যন্তরে নিবন্ধিত পোস্টাল ভোটারদের ব্যালটও শিগগিরই পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী, আগামী ২১ জানুয়ারির পর দেশের ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট প্রদান করতে পারবেন।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, সময়মতো নোটিফিকেশন না পেলে ভোটগ্রহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা থেকে ভোটাররা বঞ্চিত হতে পারেন। তাই অ্যাপের সেটিং ঠিক রাখা অত্যন্ত জরুরি।
















