নির্বাচনকালীন চেকপোস্টে দায়িত্ব পালনের সময় উত্তেজনা
বগুড়ার ধুনটে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে যানবাহন তল্লাশির সময় মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়ার ধুনট উপজেলা-র হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
হেনস্তার শিকার তিন পুলিশ সদস্য আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেলের কাগজপত্র ও মালিকানা যাচাই করছিলেন।
বগুড়া ট্রাফিক পুলিশের প্রশাসন পরিদর্শক সালেকুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, সদর ট্রাফিক ফাঁড়ির টাউন উপ-পরিদর্শক (টিএসআই) আবুল কালাম আজাদকে ধুনটে পাঠানো হয়। তিনি থানা পুলিশের সহযোগিতায় সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালাচ্ছিলেন।
চেকপোস্ট চলাকালে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি কনস্টেবল আব্দুল খালেকের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেন, তিনি এক হাজার টাকা নিয়ে কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল ছেড়ে দিয়েছেন। এই অভিযোগকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে মব তৈরি হয়।
টিএসআই আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের ভিত্তি ছাড়াই কিছু লোক আক্রমণাত্মক আচরণ শুরু করে এবং পুলিশ সদস্যদের হেনস্তা করে।
পরে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
ট্রাফিক পুলিশ পরিদর্শক সালেকুজ্জামান খান বলেন, টাকা নিয়ে মোটরসাইকেল ছেড়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়। এটি একটি ভিত্তিহীন দাবি। স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেয় এবং দায়িত্ব পালনরত সদস্যদের হেনস্তা করে। পরে কোনো অভিযোগকারীকে পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
















