শহীদ জিয়ার আদর্শে গণতন্ত্র পুনর্গঠনের অঙ্গীকার, জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন
নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতার সাথেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
(বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন যোগ্যতার সাথেই নির্বাচন পরিচালনা করতে পারবে। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন মির্জা ফখরুল। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী বাছাই–প্রক্রিয়ায় কিছু সমস্যা সব সময়ই থাকে—এটি নতুন কিছু নয়। তবে এখন পর্যন্ত কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, তারা মোটামুটিভাবে যোগ্যতার সাথেই কাজ করছে। তিনি জানান, যেসব বিষয়ে আপত্তি ছিল, তা রোববার কমিশনের সামনে তুলে ধরা হয়েছে। “আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সাথেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে,”—বলেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে শহীদ জিয়ার অবদান স্মরণযোগ্য। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন। “তার দেখানো পথেই আমরা সামনে এগিয়ে যাব,”—যোগ করেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের পর দেশকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বিএনপি শপথবদ্ধ। তার ভাষায়, “এই শপথের মধ্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করবে।”
















