চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পোস্টাল ভোটে আবেদন, বন্দির তুলনায় হার কম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে থাকা ১০৬ জন বন্দি পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন। তবে মোট বন্দির সংখ্যার তুলনায় এই হার এক ষষ্ঠাংশেরও কম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আটক ১০৬ জন বন্দি পোস্টাল ভোটের আবেদন করেছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আগের যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচনে পোস্টাল ভোট নিয়ে প্রচার-প্রচারণা তুলনামূলকভাবে বেশি ছিল।
প্রার্থীরাও পোস্টাল ভোটের বিষয়ে ভোটারদের উৎসাহিত করেছেন। এরই ধারাবাহিকতায় কারাগারে থাকা বন্দিদের একটি অংশ ভোটাধিকার প্রয়োগে আগ্রহ দেখান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে কারাগারে মোট বন্দির সংখ্যা ৬৫৫ জন। তাদের মধ্যে ১০৬ জন পোস্টাল ভোটের আবেদন করেছেন। আবেদনকারীরা জেলার তিনটি সংসদীয় আসনের ভোটার।
তিনি আরও জানান, পোস্টাল ভোটের জন্য আবেদনকারী কয়েকজন বন্দি ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। তবে নিয়ম অনুযায়ী তারা সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না; নির্ধারিত পদ্ধতিতে পোস্টাল ভোটের মাধ্যমেই ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজাদুল হেলাল বলেন, আবেদনকারী বন্দিদের নির্ধারিত সময়ের মধ্যেই পোস্টাল ব্যালট পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটের আগে কেউ জামিনে মুক্তি পেলেও পোস্টাল ভোটের বিধানই কার্যকর থাকবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতেই পোস্টাল ভোট ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রক্রিয়া বাস্তবায়নে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করছে।
















