ভোটকেন্দ্র ও সীমান্তে নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে ভোট নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহার করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান জানান, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় এসব প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। মিছিলে সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের ১৩ ব্যাটালিয়ন নির্বাচনী দায়িত্ব পালন করবে। ১৭ জেলার ৫৬ উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবেন।
বিজিবি জানায়, ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র ও আশপাশের জনসমাগম নজরদারিতে রাখা হবে। বডি অন ক্যামেরা ব্যবহার দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
















