ব্যাংক ডাকাতি হয়েছে দিনের আলোতেই, অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার
গত ১৫ বছরে দেশে হিসাবরক্ষণের দুর্বলতা ও কারচুপির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার ও লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গত দেড় দশকে দেশে হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, অতীতে দিনের আলোতেই ব্যাংক ডাকাতির মতো ঘটনা ঘটেছে, যা দেশের অর্থনৈতিক ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতার ইঙ্গিত দেয়।
গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে’ বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি চার্টার্ড অ্যাকাউনটেন্টসহ আর্থিক খাতের পেশাজীবীদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত কয়েক দশকে অর্থনৈতিক খাতে অস্বচ্ছতা এবং হিসাবরক্ষণের দুর্বলতার কারণে দেশে বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদের সঠিক ব্যবহারও নিশ্চিত করা যায়নি। এর ফল হিসেবে আর্থিক লুটপাটের চাপ শেষ পর্যন্ত সাধারণ জনগণের ওপর এসে পড়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম ও লুটপাট না ঘটে, সে জন্য পেশাদারদের নৈতিকতা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে অডিট, হিসাবরক্ষণ ও আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না।
পরবর্তী প্রজন্মের রিপোর্টার, অডিটর ও অর্থনৈতিক বিশ্লেষকদের ভূমিকা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশের অবস্থান দৃঢ় করতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের পেশাগত উদ্যোগই অর্থনীতিকে সুষ্ঠু ও স্বচ্ছ পথে এগিয়ে নিতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
















