কমিটির প্রতিবেদন পেলেই নতুন বেতন কাঠামো কার্যকরের আশ্বাস
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণার বিষয়ে ধৈর্য ধরতে আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রতিবেদন পেলেই দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে সরকার ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং কমিটির প্রতিবেদন হাতে পেলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, নতুন পে স্কেল একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সিদ্ধান্ত। তাই এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।
অর্থ উপদেষ্টা জানান, কমিটি তাদের কাজ শেষ করে সুপারিশ জমা দিলে তা পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের পথে এগোনো হবে। তিনি আশ্বস্ত করেন, এই বিষয়ে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থ উপদেষ্টার বক্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়ন নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
















